প্রচ্ছদ > বিনোদন >

আসছে ‘ধুরন্ধর ২’, পাকিস্তানিদের যে কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য

article-img

গত বছরের শেষে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি। মুক্তির পরপরই প্রতিবেশী রাষ্ট্রের একাংশের অভিযোগ ছিল— এ সিনেমাটি পাকিস্তানবিরোধী। তবে এবার আরও নাকি ভয়ঙ্কর হচ্ছে ধুরন্ধর ২ সিনেমাটি। তাই পাকিস্তানিদের এবার নাকি আরও কঠিন বার্তা দিতে যাচ্ছেন পরিচালক?

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তোলে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। আবার তিন মাসের মাথায় মুক্তি পাচ্ছে সেই সিনেমার দ্বিতীয় সিকুয়েন্স— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। 

সাফল্য এলেও বিতর্ক শুরু হয়েছিল ‘ধুরন্ধর’ নিয়েই। পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টারদের মধ্যে একসময়ের বচসা দেখানো হয়েছে সেই সিনেমায়। এর পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে চাপানউতোরের প্রসঙ্গও এসেছে। যার ফলে মুক্তির পর এ সিনেমাকে কেউ কেউ বলছিলেন— ‘পাকিস্তানবিরোধী’। পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিষিদ্ধ করা হয় এ সিনেমাটি। পাকিস্তানেও মুক্তি পায়নি। তারপরও চোরাপথে এ ছবি পৌঁছে গেছে প্রতিবেশী রাষ্ট্রে।

যদিও এ সিনেমার দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন বলে জানিয়েছেন আদিত্য ধর। তিনি বলেন, আমার মনে হয়, পাকিস্তানি দর্শকরা যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে অবশ্য সিনেমাটি দেখা উচিত। কারণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি— আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না। 

‘ধুরন্ধর’ সিনেমার গল্পটি ছিল রহমান বালোচকে কেন্দ্র করে। রহমানের মৃত্যু ঘটেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটির চিত্রনাট্য মূলত আবর্তিত হতে চলেছে রণবীর সিং অভিনীত হামজাকে ঘিরে। সিনেমা নির্মাতাদের দাবি— ‘ধুরন্ধর’-এর চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি আরও বেশি হিংসাত্মক হতে চলেছে। ফলে রক্তারক্তি ও হানাহানির পরিমাণ যে বাড়বে তা বলাই বাহুল্য।